বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে উৎসাহিত করতে ‘হোন্ডা ইয়াং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫ দিয়েছে হোন্ডা। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে চার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাকিফ নাঈব রাইয়ান, কাজী তাজগীর তাহমিন রেভান ও মো. আদনান রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লাইলাতুল বরাত সিদ্দিকা।
চার বিজয়ীর প্রত্যেককে ৩ হাজার মার্কিন ডলার, মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ‘হোন্ডা ওয়াই-ই-এস প্লাস’ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান নাওকি তাকাহাশি বলেন, হোন্ডা সবসময় মানুষ ও সমাজের কল্যাণে প্রযুক্তির ব্যবহারে বিশ্বাসী। ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড বিজ্ঞান ও প্রযুক্তিতে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাময় তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পুরস্কারপ্রাপ্তদের উদ্ভাবনী চিন্তা ও সমাধান ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার সম্ভাবনাময় তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের স্বীকৃতি ও উৎসাহিত করাই এ পুরস্কারের লক্ষ্য। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আগ্রহ ও সম্ভাবনা দেখে তারা আনন্দিত। পুরস্কারপ্রাপ্তরা তাদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করে টেকসই ভবিষ্যৎ গঠনে অবদান রাখবেন বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের মেধা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি ও উৎসাহ দিতে হোন্ডা ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বিভিন্ন দেশে এ পুরস্কার দিয়ে আসছে। বাংলাদেশে ২০১৯ সালে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু হয়। হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এবারও এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস, হোন্ডা ফাউন্ডেশন, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টার (জাইস) এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









