নারী উদ্যোক্তা ও কৃষি খাতে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার দিলো আইএফসি

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৫ আগস্ট ২০২৬, ১৮:৫১ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৮:৫১

বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা আইএফসি ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই অর্থায়ন করছে। এর আওতায় নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই অর্থায়ন ব্র্যাক ব্যাংকের জন্য আইএফসি থেকে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা। এক বছর মেয়াদি এই ঋণসুবিধা দুবার নবায়নের সুযোগসহ সর্বোচ্চ তিন বছর ব্যবহার করা যাবে।

এই তহবিলের অন্তত ৫০ শতাংশ বা সমপরিমাণ স্থানীয় মুদ্রা নারী-নেতৃত্বাধীন এমএসএমই খাতে এবং ন্যূনতম ২৫ শতাংশ কৃষি খাতের এমএসএমইতে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে এই দুই খাতে ঋণের ঘাটতি কমানোর পাশাপাশি উদ্যোক্তাদের বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

আইএফসির ‘এমএসএমই ফাইন্যান্স প্ল্যাটফর্ম’-এর ‘এসএমই এনভেলাপ’-এর আওতায় এই বিনিয়োগ করা হচ্ছে। উদীয়মান বাজারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণের সুযোগ বাড়াতে এই প্ল্যাটফর্ম কাজ করে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, আইএফসির এই বিনিয়োগ ব্যাংকটির আর্থিক সক্ষমতা, সুশাসন এবং এমএসএমই ব্যাংকিংয়ে দীর্ঘদিনের নেতৃত্বের প্রতিফলন। এই অর্থায়ন নারী-নেতৃত্বাধীন উদ্যোগ ও কৃষি খাতের এমএসএমইকে সহায়তার সক্ষমতা আরও বাড়াবে।

আইএফসির বাংলাদেশ ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার উইলফ্রিড টামেগ্নন বলেন, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান চালিকাশক্তি এমএসএমই খাত। নারী-নেতৃত্বাধীন ও কৃষি খাতের প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বাড়লে তারা বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে আরও ভূমিকা রাখতে পারবে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিসহ বৈদেশিক মুদ্রাভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমে গ্রাহকদের সহায়তা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন