শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি এসি বাস চালু করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানো এবং দৈনন্দিন যাতায়াত সহজ ও নিরাপদ করতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ছয়টি রুটে এই এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীরা এতে আরও আরামদায়ক ও নিরাপদ পরিবহন সুবিধা পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, ইউআইইউ সবসময় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতসহ প্রয়োজনীয় সেবাগুলোকে গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই এসি বাস সার্ভিস শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
বিশেষ অতিথি মইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। নতুন এই পরিবহনসেবার মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের পাশাপাশি সময়ও সাশ্রয় করতে পারবে।
তিনি বলেন, ইউআইইউকে আন্তর্জাতিক মানের জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইউনাইটেড গ্রুপ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন বাস সার্ভিস শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত সহজ, নিরাপদ ও আরামদায়ক করার পাশাপাশি তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সময়ে প্রয়োজনভিত্তিক নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস এবং ভর্তুকির মাধ্যমে বিভিন্ন রুটে পরিবহনসেবা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন ১৮টি এসি বাস চালু করা হলো।
অনুষ্ঠানে ইউআইইউর বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।









