বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন সক্ষমতা বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়নের মাধ্যমে এসকেএফ তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্র্যাক ব্যাংক।
এসকেএফ দীর্ঘদিন ধরে ডেনমার্কভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। এই অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠানটি ভায়াল ও পেনফিল—দুই ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে এসকেএফ বর্তমানে তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। এর ফলে প্রতিষ্ঠানটির ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়বে এবং দেশ ও বিদেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফ-এর উৎপাদন বৃদ্ধিতে অর্থায়ন করার মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলছি, ঠিক তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করছি।’
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, তাদের হোলসেল ব্যাংকিং পোর্টফোলিও তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন উৎপাদনশিল্পে বিস্তৃত। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ এবং দেশের শিল্পখাতের প্রবৃদ্ধিতে সহায়ক প্রকল্পগুলোতে ব্যাংকটি অর্থায়ন সুবিধা বাড়িয়ে যাচ্ছে।









