ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২৬) কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে। ওয়ালটন হাই-টেকের চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২০২৭ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট রেভিনিউর পরিমাণ দাঁড়িয়েছে ১৬৭৯ দশমিক ৪৩ কোটি টাকায়। আগের বছরের একই সময়ে ওয়ালটনের নিট রেভিনিউর পরিমাণ ছিল ১৪৫১ দশমিক ০৩ কোটি টাকা। সেই হিসাবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয় বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ। এরই পরিপ্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ২২৪ দশমিক ৭৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২২০ দশমিক ৮৯ কোটি টাকা।
চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৪ টাকা; যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৬৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৭ দশমিক ০৬ টাকায় এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮ দশমিক ০১ টাকায় উন্নীত হয়েছে।