দুপুর ১২টায় রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়েই জানা গেলো খেলোয়াড়দের মাঝে বিরাজ করছে অসন্তোষ! এর কারণ একদিন পর বিপিএল শুরু হলেও রংপুর রাইডার্স তার খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেননি। এমনকি এখনও একটি টাকাও পাননি ক্রিকেটাররা! চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৫০ ভাগ টাকা পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের।
এমন অস্থিরতার মাঝেও জার্সি উন্মোচন শেষ করে মিরপুরে অনুশীলন জন্য উপস্থিত হন ক্রিকেটাররা। তাদের নির্ধারিত অনুশীলন দুপুর ২টায় থাকলেও সেখান থেকে মুখ ফিরিয়ে নেন তারা। প্রতিকার চাইতে সৌম্য সরকার, রুবেল হোসেন, আরাফাত সানী, মোহাম্মদ মিঠুনরা দ্বারস্থ হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর কাছে। প্রায় আধা ঘণ্টা নিজামউদ্দীন চৌধুরীর রুমে ছিলেন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। এরপর বোর্ডের শীর্ষ কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে এক ঘণ্টা পর তারা অনুশীলনে নামেন।
আর অনুশীলনে ফিরেই কঠোর পরিশ্রম করেন রংপুরের ক্রিকেটাররা। আইকন সৌম্য সরকার, পেসার রুবেল হোসেনসহ সকলেই অনুশীলনে ঘাম ঝরান। দলের বিদেশি ক্রিকেটার শহীদ আফ্রিদি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা পৌঁছাবেন। সূত্র মতে, শহীদ আফ্রিদি রংপুর রাইডার্সের কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক হাতে পেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পারিশ্রমিকটাও আকাশচুম্বী! প্রায় দেড় কোটি টাকা!
নাম প্রকাশ না করার শর্তে দলটির সিনিয়র এক খেলোয়াড় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খেলা শুরু হওয়ার আগেই যদি এমন অবস্থা হয় তাহলে সামনে কী হবে। এভাবে খেলে আমাদের কী লাভ। আমরা পারিশ্রমিকের বিনিময়ে খেলবো। ঠিকমতো পারিশ্রমিক না পেলে খেলে কী হবে।’
এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘যে সমস্যা হয়েছে তা দ্রুত সমাধান হয়ে যাবে।’
/আরআই/এফআইআর/








