অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তাই ফাঁকা সময়টা কাজে লাগাতে সিপিএল খেলতে ক্যারিবিয়ানে পৌঁছেছেন অভিজ্ঞ তারকা। গতকাল বুধবার পৌঁছে বৃহস্পতিবারই জ্যামাইকা তালাওয়াসের হয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন।
শুক্রবার সেন্ট লুসিয়ার বিপক্ষে ভোর ৬টায় মাঠে নামবে জ্যামাইকা। আর এই ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকে! পুরো টুর্নামেন্ট খেলার অনুমতি পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজন মনে করলে তাকে দেশে ফিরিয়ে আনতে পারবে। বিসিবি অবশ্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে এই অলরাউন্ডারকে। শুক্রবারের পর লিগ পর্বে জ্যামাইকার বাকি তিন ম্যাচ ২৬ ও ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর।
মাহমুদউল্লাহর দল জ্যামাইকার পক্ষেই তিনটি ম্যাচ খেলে সম্প্রতি দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও এবারের সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজে যান। তবে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনি একটি ম্যাচেও সুযোগ পাননি।
টেস্ট দল থেকে বাদ পড়ার হতাশার মাঝে সিপিএলে খেলার সুযোগ পেয়ে উৎফুল্ল ছিলেন মাহমুদউল্লাহ। দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘সিপিএলে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। নিজেকে মেলে ধরার জন্য এটা আমার সামনে দারুণ সুযোগ।’
চার বছর আগে তামিম ইকবালও খেলেছিলেন সিপিএলে। মাহমুদউল্লাহ তাই এ প্রতিযোগিতার চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার।








