স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো ও মার্সেলো দলে নেই নিষেধাজ্ঞার কারণে। আবার করিম বেনজেমা ও টনি ক্রুস চোটের কারণে ছিটকে গেছেন আগেই। তাদের জায়গায় আক্রমণে নেতৃত্ব দেন মায়োরাল ও গ্যারেথ বেলরা। শুরুর গোলটা করেন মায়োরাল। ১৯ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন খুব কাছ থেকে।
তবে ২৮ মিনিটে মাদ্রিদের নিজেদের ভুলেই সমতায় ফেরে সোসিয়েদাদ। রদ্রিগেসের ভলি আটকাতে পারেননি রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। বল তার হাতে লেগেই জড়ায় জালে।
এরপর পাল্টা ভুল করে বসে সোসিয়েদাদও। শুরুতে সোসিয়েদাদ ডিফেন্ডার রদ্রিগেসের শট গিয়ে লেগেছিল ক্রসবারে। সেখান থেকেই নিজেদের বক্সে এসে মায়োরালের ক্রস আটকাতে গিয়েছিলেন তিনি। দুর্ভাগ্যক্রমে বল চলে যায় নিজেদেরই জালে! এরপর ৬১ মিনিটে শেষ গোলটি আসে গ্যারেথ বেলের পা থেকে।
লিগে এখনও হারের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। মৌসুমে দুটি জয় ও দুটি ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের চার নম্বরে। সমান ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।







