অ্যাথলেটিক বিলবাওর মাঠে শনিবার কঠিন পরীক্ষা দিতে হয়েছে বার্সেলোনাকে। যদিও শেষ পর্যন্ত সফল হয়েছে ২-০ গোলে জিতে। এই জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। একটি গোল করে অপরটি বানিয়ে দিয়েছেন মেসি। এমন পারফরম্যান্সের বিশ্লেষণে বার্সা কোচ এরনেস্তো ভালভারদে অবশ্য পুরোপুরি তুষ্ট নন। ভালোই পরীক্ষা দিতে হয়েছে বার্সাকে- যার কারণ দ্বিতীয়ার্ধে খানিকটা পিছিয়ে ছিল তার দল। যদিও প্রথমার্ধে গোলরক্ষক টের স্টেগারের পারফরম্যান্সে তুষ্ট বার্সা কোচ, ‘দ্বিতীয়ার্ধে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। তবে ওদের কিন্তু সেভাবে সুযোগ তৈরি হয়নি। গোলের বেশ কিছু সুযোগ তৈরি হলেও তারা গোল করতে পারেনি।’ তবে প্রথমার্ধে শিষ্যদের পারফরম্যান্সে খুশি ছিলেন ভালভারদে, ‘প্রথমার্ধ ছিল দুর্দান্ত। আমরা দাপট দেখিয়েছি, একই সঙ্গে এটাও দেখিয়েছি যে আমরা সমস্যা তৈরি করতে পারি।’
লিওনেল মেসি, টের স্টেগার ও স্যামুয়েল উমিতির নৈপুণ্যে জয় পায় বার্সেলোনা। একজন না পারলে দলের বাকিদের কাছ থেকে সহায়তা আসবে- এমনটি মনে করেন বার্সা কোচ, ‘মৌসুম কিন্তু অনেক লম্বা। আমাদের আরও ম্যাচ খেলতে হবে। তাই সবারই জ্বলে ওঠার সুযোগ আছে।’
বার্সাকে টের স্টেগান বাঁচালেও গোল করে একটি বানিয়েছেন লিওনেল মেসি। সেই মেসিকে দলে পাওয়াটাকে সৌভাগ্য হিসেবেই দেখেন বার্সা কোচ, ‘আমরা ভাগ্যবান যে মেসির মতো একজনকে পেয়েছি। যে খেলার ফল পাল্টে দেয়। তবে আমাদের ভালো খেলোয়াড়ও কিন্তু কম নয়।’








