টি-টোয়েন্টি দলের সঙ্গে এখন আর যাচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি! বেশ কয়েকদিন ধরে এমন সমালোচনাই হচ্ছে ভারতীয় সাবেক অধিনায়ককে ঘিরে। তবে লোকজনের এমন সমালোচনা গায়ে মাখছে না ভারতীয় দল। স্বয়ং কোহলিই তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এবার পাশে দাঁড়ালেন সদ্য অবসর নেওয়া পেসার আশিষ নেহরা। তার মতে আগামী ২০২০ টি-টিয়েন্টি বিশ্বকাপেও খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘প্রতিটি জায়গাতেই একজন অভিজ্ঞ ও বয়স্ক একজনকে প্রয়োজন। সেই হিসেবে ধোনি এখন আছে। আমি আশা করবো, আগামী দুই-তিন বছর, এমনকি তার ফিটনেস ভালো থাকলে সে অনেক দিন খেলতে পারবে।’
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কম স্ট্রাইক রেট ছিল ধোনির। ৩৭ বলে সেই ম্যাচে করেন ৪৯ রান। ফলে ১৯৭ রান তাড়া করতে গিয়েও পারেনি ভারত। তারা সংগ্রহ করতে পারে ৭ উইকেটে ১৫৬ রান। এরপর থেকেই ধোনিকে নিয়ে শুরু হয় সমালোচনার তীব্র বর্ষণ। এই অবস্থায় তার পক্ষেই যুক্তি দাঁড় করালেন নেহরা, ‘ক্রিকেট মানেই কন্ডিশনের খেলা। এখানে পারফর্ম করাটা অত সহজ নয়। আর আমি এটাও বলছি না যে পারফর্ম না করলে তাকে খেলতেই হবে। তবে এটাও মনে রাখতে হবে পারফরম্যান্স করতে না পারলে ধোনিই প্রথম অবসরের সিদ্ধান্ত নিবে। তবে আমার মনে হয় ধোনিকে একা ছেড়ে দেওয়া উচিত। তাকে তার মতো ক্রিকেট খেলতে দেওয়া উচিত।’
তিনি আরও যোগ করেন, ‘ধোনি এমনই একজন যে নিজের ও দেশের প্রতি সৎ। আমি তাকে খেলতে দেখতে চাই। আমি চাই সে আগামী ২০২০ বিশ্বকাপ পর্যন্ত খেলুক।’







