শনিবার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জেতার লক্ষ্যে একভাবে আশার প্রদীপ জ্বালিয়ে রাখার ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। মালাগার বিপক্ষে কষ্টের জয়টা এসেছে ৩-২ গোলে। জয়টা কষ্টার্জিত হলেও রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান মনে করেন আরও ভালো খেলা উচিত ছিল শিষ্যদের! তাই আগামীতে আরও ভালো খেলার ইঙ্গিত দিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘আমরা ভালো করবো। আমাদের কিছু ছেলে আছে যারা ভালো করতে জানে।’
প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধ ছিল ছন্নছাড়া। তাদের লড়াই দেখে মনে হচ্ছিল বল দখলের যুদ্ধে প্রায় হার মেনে বসে আছে রিয়াল মাদ্রিদ। এই অবস্থায় ম্যাচ জিতে তিন পয়েন্ট অনেক বড় পুরস্কার! লিগে এই মৌসুমে নিজেদের ছায়া হয়ে খেলতে থাকা রিয়ালের হয়ে কারিম বেনজিমা, লুকাস ভেসকেস ও দানি কারভাহালই ছিলেন লড়াইয়ে। তাদের কারণে পাল্টা হানা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। এর ব্যাখ্যায় অবশ্য কোচ বললেন ভিন্ন কথা, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম। তবে এখনও সেরা অস্ত্রটা ব্যবহার করিনি।’ আর সেটা কী? জিদানের ভাষায়, ‘সেটা হলো বল পজেশন। আমরা অনেক বলই ঠিকঠাকভাবে রাখতে পারিনি। দ্বিতীয়ার্ধ ছিল আরও কঠিন।’
তিনি যোগ করেন, ‘বলতে পারেন এই ফলে খুশি। কিছু ভালো বিষয় থাকলেও যেভাবে চেয়েছিলাম তা হয়নি। সামনের ম্যাচে দেখা যাক কী হয়।’
মে মাসের পর বার্নাব্যুতে গোলের দেখা পেলেন রোনালদো। লা লিগায় মাত্র দ্বিতীয় গোল! রোনালদোর গোল খরায় চলতে থাকা সমালোচনার বাণে এভাবেই ঢাল হলেন কোচ জিনেদিন জিদান, ‘ক্রিস্তিয়ানোর আরও সুযোগ ছিল। তবে আপনাদের কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকেরও প্রশংসা করতে হবে। আজকের খেলাসহ সবগুলোর ক্ষেত্রেও সেগুলো বিবেচনায় রাখতে হবে।’








