ফুটবল ক্যারিয়ারে অনন্য হয়ে আছেন লাইবেরিয়ার সাবেক স্ট্রাইকার জর্জ উইয়াহ। ইউরোপের বাইরে একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ব্যালন ডি’অর। ৫১ বছর বয়সী এই তারকাই এবার রাজনীতির ক্যারিয়ারে শুরু করলেন নতুন অধ্যায়। ভোটাভুটির মাধ্যমে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক চেলসি, ম্যানচেস্টার সিটি ও এসি মিলান স্ট্রাইকার।
১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে আফ্রিকান এই তারকা ব্যালন ডি’অর জেতেন ১৯৯৫ সালে। ২০০৩ সালে ফুটবলকে বিদায় দিলেও নতুন ক্যারিয়ার হিসেবে বেছে নেন রাজনীতি। লাইবেরিয়ার পার্লামেন্টে ছিলেন সিনেটর। বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন জানায় ব্যালটের মাধ্যমে শতকরা ৬১.৫ শতাংশ ভোট পান উইয়াহ।
নির্বাচনের মধ্য দিয়ে এলেন জোনসন স্যারলিফের স্থলাভিষিক্ত হবেন তিনি। আর এই স্যারলিফই ছিলেন আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট। ২০০৫ সালে গৃহযুদ্ধের অবসানের পর নির্বাচনে জয়ী হয়ে এতদিন পদে ছিলেন স্যারলিফ।








