অস্ট্রেলিয়া দলে ড্যারেন লেম্যান কোচ থাকবেন ২০১৯ সাল পর্যন্ত। তার সঙ্গে তেমনই চুক্তি আছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। তাই পরবর্তী কোচ বেছে নিতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। ২০২০ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। আর সেই লক্ষ্যেই সংক্ষিপ্ত ফরম্যাটে সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে কোচ করতে আলোচনায় বসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
যদিও আলোচনাটি আনুষ্ঠানিক ছিল না। তাই কোনও চূড়ান্ত কিছু জানাতে পারেননি পন্টিং, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি দলটির সঙ্গে যুক্ত হতে চাই। তবে এখনও এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।’
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে পন্টিংয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর তিন ম্যাচের সিরিজে স্বল্প সময়ের জন্যে এই দায়িত্ব পালন করেন। তার সঙ্গে ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। এমনকি এই ফেব্রুয়ারিতেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লেম্যানের সহকারী হয়ে দায়িত্ব পালন করবেন ৪৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।








