একেই বলে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ। শুরুতে পেসারদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে গুটিয়ে স্বস্তিতে ছিল ভারতীয় শিবির। ভারত এরপর ব্যাটিংয়ে নামলে সেই স্বস্তিটাকে অস্বস্তিতে পাল্টে দিয়েছে দক্ষিণ আফ্রিকার পেসাররা। প্রথম দিনের শেষে ২৮ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে বিরাট কোহলির দল।
কেপ টাউনে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নামার সঙ্গে সঙ্গেই ভুবনেশ্বরের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। মাত্র ১২ রানে তাদের টপ অর্ডার কাঁপিয়ে দেন ভুবনেশ্বর। ফিরে যান তিন ব্যাটসম্যান- ডিন এলগার, এইডেন মারক্রাম ও হাশিম আমলা। এক পর্যায়ে মনে হচ্ছিল আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে প্রোটিয়াদের ভাগ্যে। তবে প্রথম দিকের এই বিপদ সামলে এই সেশন শেষ করেন এডি ডি ভিলিয়ার্স ও ফাফ দু প্লেসিস। দুই তারকার কাছ থেকেই আসে হাফসেঞ্চুরি। হুমকি হয়ে দাঁড়ানো এই জুটি ভেঙে স্বস্তি ফেরান অভিষেক হওয়া জাসপ্রিত বুমরাহ। তার বলে বোল্ড হয়ে ফেরেন ডি ভিলিয়ার্স। ৮৪ বলে ১১টি চারে ৬৫ রানে ফেরেন তিনি। এরপর অধিনায়ক দু প্লেসিসকেও সাজঘরে ফেরান পান্ডিয়া। দু প্লেসিস ফেরেন ৬২ রানে।
কুইন্টন ডি কক এরপর প্রতিরোধ দেওয়ার চেষ্টা করলেও তাকে ৪৩ রানে গ্লাভসবন্দি করান ভুবনেশ্বর। তার বিদায়ের পরই স্বীকৃত ব্যাটসম্যানদের প্রতিরোধ থামে প্রোটিয়াদের। শেষ দিকে ফিল্যান্ডার ২৩, মহারাজ ৩৫ ও কাগিসো রাবাদা ২৬ রান করে শেষ পুঁজিটাকে কিছু বাড়িয়ে নেন। তবে থিতু হতে পারেননি ভারতীয় বোলিংয়ের তোপে। প্রথম ইনিংস শেষ হয় ৭৩.১ ওভারে।
ভুবনেশ্বর কুমার ১৯ ওভারে ৮৭ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি নেন রবিচন্দ্রন অশ্বিন। একটি করে নেন মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।
জবাবে ভারত খেলতে নামলে প্রোটিয়া বোলিং আক্রমণে ভুগতে থাকে শুরু থেকে। ভারত বলেই তাদের বিরুদ্ধে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছিল স্বাগতিকরা। যার প্রমাণ পাওয়া গেছে দিনের শেষে। ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন ও মরনে মরকেলের আক্রমণে ফিরে গেছেন ওপেনার মুরালি বিজয় (১), শিখর ধাওয়ান (১৬) ও অধিনায়ক বিরাট কোহলি (৫)। ভারত এখনও পিছিয়ে ২৫৮ রানে।








