কলকাতা শহরের গোর্কি সদনে অনুষ্ঠিত ২৬তম টেলিগ্রাফ স্কুলস দাবায় পঞ্চম হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট নিয়ে রানার-আপের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম স্থান লাভ করেন এই খুদে দাবাড়ু।
ফাহাদ এবং পাঁচ জন খেলোয়াড় সাড়ে সাত পয়েন্ট অর্জন করায় টাইব্রেকিংয়ে তাদের স্থান নির্ধারণ করা হয়। আর তাতে পঞ্চম হন ফাহাদ। তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ১৫তম হন।
মনোন রেজা নীড় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব-৮ বছর গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন। মাহফুজুর রহমান সাইফ সাড়ে চার পয়েন্ট নিয়ে ১২৪তম এবং সৈয়দ রিদওয়ান ৩ পয়েন্ট নিয়ে ২৪০তম হয়েছেন।
বৃহস্পতিবার নবম ও শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার ফাহাদ ভারতের নীলাশ সাহাকে হারান। তাহসিন ভারতের সৌনক মজুমদারের সঙ্গে, নীড় ভারতের মায়ুস চ্যাটার্জীর সঙ্গে, সাইফ ভিসেনটি ফার্ন্দেজের সঙ্গে ও রিদওয়ান ভারতের আদ্রিত সরকারের সঙ্গে ড্র করেন।
বাংলাদেশ, ভারত ও নেপালের ২৮৭ জন স্কুলে অধ্যায়নরত দাবা খেলোয়াড় এই ইভেন্টে অংশ নেন। ভারতের শ্রীজিৎ পল সাড়ে আট পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।








