এমন হতাশার রাত ভুলে যেতে চাইবে চেলসি। যেই ম্যাচে শেষ মুহূর্তের তিন গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে বরণ করতে হয়েছে ৪-১ ব্যবধানে হার। এর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ১০ জনের দল নিয়ে খেই হারিয়ে খেলেছে ব্লুজরা!
এমন রাতে হয়তো আরও বিপর্যস্ত কোচ আন্তোনিও কন্তে। কারণ টানা হারে কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়। গত সপ্তাহে বোর্নমাউথের কাছেও ৩-০ গোলে হেরে গেছে চেলসি।
প্রথমার্ধে খেই হারিয়ে মাশুল দিতে হয় চেলসিকে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাকায়োকো। এরপর ৪২ মিনিটে গোল হজম করে বসে পেনাল্টিতে! ডিনির গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড।
দীর্ঘক্ষণ বল দেওয়া-নেওয়া করলেও সমতায় ফিরতে পারছিল না চেলসি। শেষ দিকে ৮২ মিনিটে তাদের সেই আক্ষেপ পূরণ করেন এডেন হ্যাজার্ড। তখনও হয়তো চেলসি বুঝতে পারেনি এর পরেই শুরু হচ্ছে মুহুর্মুহু আক্রমণ। না হলে এভাবে রক্ষণ অরক্ষিত থাকতো না ব্লুজদের। গুনে গুনে তিনবার চেলসির জাল কাঁপিয়েছে টেবিলে চেলিসের নিচে থাকা দল ওয়াটফোর্ড। ৮৪ মিনিটে জানমাত, ৮৮ মিনিটে দেউলোফেউ ও অতিরিক্ত সময়ে পেরেইরার গোলে ব্যবধান হয় ৪-১!
এমন জয়ে অবনমন অঞ্চল থেকে ৬ পয়েন্ট দূরে ওয়াটফোর্ড। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩০। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেলসি।








