দেশব্যাপী চলছে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট’। যার সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সারাদেশে স্কুল ছাত্রদের জন্য শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ন্যাশনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে চার স্কুল। স্কুল গুলো হলো- রাজশাহীর সোনাদিঘি হাই স্কুল ও জামিরা হাই স্কুল এবং রংপুর বিভাগের রংপুর জেলা স্কুল ও হারাগাছ বহুমূখী উচ্চ বিদ্যালয়।
গত ২৭ মার্চ রাজশাহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়াম ও রংপুর জেলা স্টেডিয়াম থেকে এক যোগে শুরু হয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। সারা দেশ থেকে প্রায় ২৭০ স্কুলের ফুটবল দল এখানে নিবন্ধন করেছে। প্রথম পর্বে প্রতিটি বিভাগ থেকে সেরা দুই দল করে মোট ১৬টি স্কুল দলকে নির্বাচন করা হবে ঢাকায় ফাইনাল রাউন্ডে খেলার জন্য। এছাড়া এখান থেকে সেরা ২৬ জন খেলোয়াড় বাছাই করবে বাফুফে। পরবর্তীতে এই ২৬ জন ফুটবলারকে বিশেষ প্রশিক্ষণ দেবে বাফুফে।
টুর্নামেন্টে প্রথম পর্যায়ে খেলা হয় রাজশাহী ও রংপুরে। এই দুই বিভাগ থেকে মোট ৬৪টি বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে। রাজশাহী বিভাগে সোনাদিঘি হাই স্কুল ৩-০ গোলে জামিরা হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রংপুর বিভাগে রংপুর জেলা স্কুল ২-০ গোলে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এদিকে মঙ্গলবার সকালে শুরু হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের খেলা। দুই বিভাগ থেকে প্রথম দিনে ৩২ টি স্কুল খেলায় অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ঢাকায় জাতীয় পর্যায়ে খেলার সুযোগ দেওয়া হবে।








