ক্যারিয়ারের শুরুতে প্রিয় ক্লাব মোহামেডানে খেলেছেন। এখানে খেলেই ১৯৯৪ সালে নাইজেরিয়ার বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন এমেকা ইউজিগো। সর্বশেষ মোহামেডানে কোচ হিসেবে থাকলেও সুবিধা করতে পারেননি। বকেয়া টাকা নিয়ে দেন-দরবার হয়েছে অনেক। পরে তা পরিশোধও হয়েছে। সেই এমেকা ইউজিগোই মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে চাইছেন।
বাফুফে ভবনে বসে নানা পরিকল্পনার কথা জানালেন সাবেক এই ফুটবলার। কক্সবাজারে পায়ে হেঁটে রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা বলেছেন। পাশাপাশি নাইজেরিয়া, ইতালি, বাংলাদেশ ও ভারতের সাবেকদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করারও ইচ্ছা তার। ফিফা কর্তৃক জরিমানার শেষ অংশ নেওয়ার জন্য বাফুফেতে এসেছিলেন এমেকা। সেখানেই তিনি প্রীতি ম্যাচের প্রস্তাব করে গেছেন। যদিও এপ্রিলের শুরুতে কলকাতায় সংবাদ সম্মেলন করে ১৯৯৪ বিশ্বকাপের তারকাদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা বিস্তারিত জানিয়েছিলেন। এ নিয়ে অনেক দূর এগিয়েছেন বলেই তার দাবি, ‘১৯৯৪ সালের বিশ্বকাপে খেলা নাইজেরিয়া, ইতালির পাশাপাশি ভারত ও বাংলাদেশের সাবেকদের নিয়ে প্রীতি ম্যাচ হবে ভারত ও বাংলাদেশে। সেখান থেকে ফান্ডে যা আসবে সেটাই রোহিঙ্গাদের কল্যানে ব্যয় হবে।’
যদিও মুখের এই কথাতে মানছে না বাফুফে। তারা এ নিয়ে বেশ সতর্ক। বাফুফে চাইছে লিখিতভাবে প্রস্তাব আসার পরই বিবেচেনা করে দেখতে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘এমেকা বাফুফে এসেছিল। ফিফা কর্তৃক জরিমানার সর্বশেষ টাকা আমরা তাকে দিয়েছি। এখন আর সে কোন টাকা পাবে না। যাওয়ার আগে এমেকা আমাদের এই প্রস্তাব করে গেছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য সে কিছু করতে চায়।’
তার প্রস্তাবে কী ছিল? এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিতভাবে বাফুফে সাধারণ সম্পাদক কিছু জানাতে চাননি, ‘তিনি বিশ্বকাপে খেলা সাবেকদের নিয়ে প্রীতি ম্যাচ করতে চান। আমরা তাকে স্বাগত জানিয়েছি। আমরাও চাই রোহিঙ্গা শরণার্থীরা উপকৃত হোক। তবে লিখিতভাবে কিছু না পেলে এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।’








