বার্সেলোনা থেকে ফের চাইনিজ ক্লাব গুয়াংজু এভারগ্রান্দেতে ফিরলেন ব্রাজিল মিডফিল্ডার পাউলিনিয়ো। ১১ মাস পর ক্লাবটিতে ধারে খেলতে যাচ্ছেন ব্রাজিলীয় তারকা। দুই ক্লাবই আনুষ্ঠানিকভাবে এমন কথা জানিয়েছে।
সাবেক টটেনহ্যাম তারকা পাউলিনিয়ো গুয়াংজুতে এক মৌসুম খেলবেন। চুক্তি অনুসারে চাইনিজ ক্লাবটি চাইলে পাউলিনিয়োকে রেখে দিতে পারবে।
বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা ও গুয়াংজু এভারগ্রান্দে পাউলিনিয়োর ধারে খেলার চুক্তিতে সম্মত হয়েছে। তাতে চাইনিজ ক্লাবটির পক্ষে তাকে কেনার অপশনটিও রয়েছে।’
এসময় পাউলিনিয়োকে ধন্যবাদ জানায় বার্সেলোনা, ‘বার্সা জনসম্মুখেই দলের প্রতি তার একাগ্রতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছে। ভবিষ্যতে তার উন্নতির জন্যে শুভকামনা জানাই।’
পাউলিনিয়ো গত আগস্টে গুয়াংজু থেকে বার্সায় আসেন। খেলেছেন ৪৯টি ম্যাচ। এর আগে গুয়াংজুকে তিনটি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। ২০১৫ সালে টটেনহ্যাম থেকে গুয়াংজুতে নাম লেখান তিনি।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠ কাঁপিয়েছেন ব্রাজিলীয় মিডফিল্ডার। সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে করেছেন একটি গোল। ম্যাচটি ব্রাজিল জেতে ২-০ গোলে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিতে খেলেছেন ৭৩ মিনিট। তার বদলি হিসেবে তখন মাঠে নামেন স্কোরার রেনাতো অগাস্তো।








