যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে খেলতে প্রাক মৌসুম সফরে যাচ্ছে বার্সেলোনা। তাতে রাখা হয়নি লিওনেল মেসিসহ তারকা খেলোয়াড়দের। তবে নতুন তারকা আর্থার মেলো ও ক্লেমেন্ট লেংলেটকে এই স্কোয়াডে সঙ্গী করেছে স্প্যানিশ জায়ান্টরা।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে খেলা বার্সার তারকা কেউই নেই এই সফরে। বার্সা এই সফর করতে যুক্তরাষ্ট্র যাবে মঙ্গলবার। তার মানে লুই সুয়ারেস, ফিলিপে কৌতিনিয়ো, জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস ও জর্ডি আলবাও থাকছেন না।
মূলত নতুন চুক্তি করা তারকাদের সবার নিয়ে আসার উপলক্ষ এই প্রতিযোগিতা। এতে কোচ এরনেস্তো ভালভারদে শিষ্যদের পরখ করার সুযোগ পাবেন।
শনিবার আসন্ন টুর্নামেন্টে টটেনহ্যামের সঙ্গে খেলবে বার্সেলোনা। এর আগে পোর্টল্যান্ডে অনুশীলন করবে।
১০ দিনের সফরে তারা আরও খেলবে রোমা ও এসি মিলানের বিপক্ষে। ক্লাব ইতিহাসে এবারই প্রথম কোনও টুর্নামেন্টে একই সঙ্গে ছেলে ও মেয়ে দল অংশ নেবে।








