মেসুত ওজিলকে নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ভূমিকা আছে তার। সেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জার্মান এই মিডফিল্ডারের পাশে দাঁড়িয়েছেন। এমনকি তার প্রতি হওয়া বর্ণবাদী আচরণ গ্রহণযোগ্য নয় বলেও হঙ্কার দিয়েছেন!
আর্সেনাল মিডফিল্ডার ওজিল সমালোচনার মুখে পড়েন তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের সঙ্গে ছবি তুলে। গত মে মাসে লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ছবিটি প্রকাশ করেন। ঘটনায় সমালোচনার ঝড় বয়ে চলে পুরো রাশিয়া বিশ্বকাপ জুড়ে। জার্মানির ভরাডুবিতে অনেকে ওজিলকেই কাঠগড়ায় দাঁড় করান।
এমন প্রতিকূল পরিস্থিতি সইতে না পেরে জার্মান ফুটবল দলকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেন ওজিল। তার ঘোষণার পরেও সমালোচনা থামেনি। এমন অবস্থায় তার পাশে রয়েছেন তুরস্ক ফুটবল ফেডারেশন ও প্রেসিডেন্ট এরদোয়ান।
এরদোয়ান বিবৃতিতে ওজিলের পক্ষ নিয়েই জানান, ‘ওজিলের সঙ্গে আমি কথা বলেছি। বিবৃতিতে ওর যে মনোভাব ছিল তা পুরোপুরি দেশাত্মবোধক।’ এরপর অবশ্য হুঙ্কার দিয়ে এমন বর্ণবাদী আচরণে বিক্ষুব্ধ মনোভাব জানান এরদোয়ান, ‘যে তরুণ কিনা জার্মান জাতীয় দলের সফলতার জন্য ঘাম ঝরিয়েছে, তার প্রতি এমন বর্ণবাদী আচরণ গ্রহণযোগ্য নয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
ওজিল জার্মানিতে জন্ম নিলেও তার বাবা-মা তুরস্ক বংশোদ্ভূত। তাই ওজিলের পরিবারের প্রতি পুরো সমর্থনের ঘোষণা দিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। তার প্রতি হওয়া অন্যায় আচরণেরও প্রতিবাদ জানিয়েছে ফেডারেশন।








