ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে হোঁচট খাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল বার্সার। টটেনহ্যামের বিপক্ষে ২ গোলে এগিয়েও নির্ধারিত সময়ের আগে সমতায় ফিরে গিয়েছিল টটেনহ্যাম। পরে তাদের শুট আউট ভাগ্যে ৫-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট জয়ে শুরু করেছে জায়ান্টরা।
প্রথমার্ধের ১৫ মিনিটে মুনির হাদ্দাদির গোলে আধিপত্য বিস্তার করে ভালভারদের শিষ্যরা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নতুন নামা আর্থার। মেসি, সুয়ারেস না থাকায় এই প্রতিযোগিতা ছিল দলে নতুন আসাদের মেলে ধরার সুযোগ। তাতে বেশ সফল অভিষেক হওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। দলের ব্যবধান বাড়াতে ভূমিকা রেখেছেন এই অর্ধে।
যদিও দ্বিতীয়ার্ধে খেই হারিয়েছে বার্সার প্রতিরোধ। ৭৩ মিনিটে গোল করে বার্সার রক্ষণে ত্রাস ছড়ানো শুরু করেন টটেনহ্যামের সন হেয়াং মিন। দুই মিনিট পর আবারও বার্সার জাল কাঁপায় টটেনহ্যাম। এবার কেভিন এন কুডোর গোলে স্কোর লাইন দাঁড়ায় ২-২।
নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় শুট আউটে। তাতে আধিপত্য ধরে রাখে বার্সা। জয় নিশ্চিত করে ৫-৩ গোলে।
প্রাক মৌসুম এই টুর্নামেন্টে বড় জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে রেডরা। দর্শনীয় গোলে ম্যাচে আলো ছড়ান জেরদান শাকিরি। বার্সার মতো পেনাল্টি ভাগ্যে জিতেছে চেলসিও। নির্ধারিত সময়ে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলের পর শুট আউটে তারা জয় পায় ৫-৪ গোলে।








