জীবনে অনেক কিছুই হয়ে থাকে ভাগ্যের জোরে। অনন্যোপায় হয়ে তখন কাছের অবলম্বনটাকেই গ্রহণ করতে হয়। ক্রিস্তিয়ানো রোনালদোর বেলাতেও হয়েছে তেমন। তার কাছে জুভেন্টাসে যাওয়াটা ছিল ভাগ্যের জোরে হওয়া একটি ব্যাপার! তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা তার কাছে ছিল সহজ।
এক সাক্ষাৎকারে জুভেন্টাসের নতুন প্রাণভোমরা জানালেন, ‘জীবনে অনেক কিছুই ভাগ্যের জোরে হয়ে থাকে। এই ক্ষেত্রেও তেমন কিছু ছিল।’ ভাগ্যের জোরে বলার কারণ এই ক্লাবটিতে খেলার কথা কখনও ভাবেননি পর্তুগিজ তারকা। সেই কথা তুলে ধরে রোনালদো বলেন, ‘আমি কখনও এই ক্লাবে খেলবো ভাবিনি। তবে কিছু বিষয় থাকে যা সাধারণ নিয়মেই হয়েই থাকে। আমার কাছে তাই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল।’
রিয়াল মাদ্রিদে যা পেয়েছেন তা নিয়ে ভীষণ তৃপ্ত রোনালদো। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না তিনি, ‘মাদ্রিদে যা করেছি তা ছিল অবিশ্বাস্য। আমি সব কিছুই সেখানে পেয়েছি। আমার পরিবার সেখানে, কিন্তু এখন সেটা অতীত। আমি নতুন করে এই ক্লাবেই সব কিছু পেতে চাই।’
জুভেন্টাসে এসে এখনও স্কোর শিটে নাম তুলতে পারেননি। তাতে অবশ্য অসন্তুষ্ট নন রোনালদো, ‘আমি তাতেও আনন্দিত। ওরা দল হিসেবে অনেক শক্তিশালী এটা সবাই জানে। বিশ্বের সেরা ক্লাবটির মাঝে ওরা কিন্তু একটি।’








