উয়েফার প্রতিযোগিতায় এতদিন ধরে অ্যাওয়ে গোলের সুবিধাকে নিয়ম হিসেবে ধরা হলেও এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন শীর্ষ ক্লাবগুলোর কোচরা। তাদের মতে অ্যাওয়ে গোলকে যতটা কঠিন হিসেবে ধরা হয় ততটা কঠিন নয়। শীর্ষ ক্লাবগুলোর কোচরা ট্রান্সফার উইন্ডোর সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা চাইছেন সব লিগের উইন্ডো শেষ হোক একই সময়ে।
কোচদের এমন আর্জি নিয়ে বিচার বিশ্লেষণ করার কথা বলেছেন উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি গিওর্গি মারচেত্তি।
সাধারণত দুই লেগ মিলে দুই দলের গোল সমান হলে অ্যাওয়ে গোলের সংখ্যা দিয়ে জয়ী নির্ধারিত হয়। এমন অ্যাওয়ে গোলের বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছেন জুভেন্টাস কোচ অ্যালেগ্রি, নাপোলি কোচ আনচেলত্তি, আর্সেনাল কোচ উনাই এমেরি, রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগি ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও আছেন এই দলে। তাদের পর্যবেক্ষণ নিয়ে উয়েফার কর্মকর্তা মারচেত্তি জানান, ‘কোচরা মনে করেন অতীতে অ্যাওয়ে গোল করা যেভাবে দুঃসাধ্য ব্যাপার ছিল এখন তেমন নয়। তারা মনে করেন এই নিয়ম পুনর্বিবেচনা করা উচিত। আমরা সেটা করে দেখবো।’
এছাড়া তিনি জানান কোচরা সম্মিলিত উইন্ডো সিস্টেম চালু করার পক্ষে।
অ্যাওয়ে গোলের নিয়ম প্রথমে চালু হয় ১৯৬৫ সালের সাবেক টুর্নামেন্ট বলে পরিচিত ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে। টস অথবা নিরপেক্ষ ভেন্যুতে পুনরায় খেলার বিকল্প হিসেবেই চালু হয় এই নিয়ম। এছাড়া তখন প্রতিপক্ষের মাঠে খেলাটা ছিল চ্যালেঞ্জিং। যাত্রার ব্যাপ্তি, ক্লান্তি ও অপরিচিত কন্ডিশন সব মিলিয়ে অবস্থা হতো দুঃসহ। অথচ বর্তমানে এই নিয়ম পালিত হচ্ছে নিয়মিত।








