সব শেষ আট চ্যাম্পিয়নস লিগের খেলায় ঘরের বাইরে দ্বিতীয় জয় বার্সার। টটেনহামের বিপক্ষে দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তোলা যাবে কিনা এমন প্রশ্নে মেসির জবাব, ‘চ্যাম্পিয়নস লিগটা সবার কাছে আকর্ষণের বিষয়। এটা জিততে হলে আমাদের লা লিগায় ও কোপা দেল রেতে ভালো করতে হবে।’
চ্যাম্পিয়নস লিগে টটেনহামকে হারাতে বেগ পেতে হয়নি বার্সার। ৪-২ গোলে হারানো এই ম্যাচের ফল নিয়ে মেসির মন্তব্য- প্রথমার্ধেই খেই হারিয়ে ফেলেছিলো টটেনহাম, ‘প্রথমার্ধ ছিলো অসাধারণ। ম্যাচটিতে অসাধারণ কিছু গতিময়তা ছিলো। আমরা প্রথমার্ধ নিয়ন্ত্রণ করেছি কিন্তু প্রতিপক্ষ পুরোপুরি খেই হারিয়ে ফেলেছিলো।’
ম্যাচে জোড়া গোল করেন মেসি। কৌতিনিয়োর লিড এনে দেওয়া গোলে জর্ডি আলবাকে দেওয়া দুর্দান্ত পাসটি ছিলো আর্জেন্টাইন তারকার। সার্বিকভাবে দলীয় পারফরম্যান্স নিয়ে তৃপ্তি ঝরেছে মেসির কণ্ঠে, ‘ওদের বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষার ম্যাচ ছিলো। তবে সার্বিকভাবে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছি। আমরা খুশি যেভাবে চেয়েছিলাম সব কিছু সেভাবেই হয়েছে।’








