টানা হারে অস্বস্তি এখন রিয়াল মাদ্রিদে। সবচেয়ে বেশি বিপন্নবোধ করছেন রিয়াল কোচ হুলেন লোপেতেগি। তাই বলে ছাঁটাই হওয়ার আশঙ্কা করছেন না। শনিবার আলাভেসের কাছে ১-০ গোলে হারের পর এমনটাই জানালেন।
হারের পর হুলেন লোপেতেগি জানান, ‘কোচরা সব সময়ই কাঠগড়ায় থাকেন। তাই বলে ভাবনায় ছাঁটাই প্রসঙ্গটা নেই।’
রিয়াল মাদ্রিদের বেহাল দশা কয়েক ম্যাচ ধরে। ১৯৮৫ সালের পর এমন বিবর্ণ তারা। গোলহীন থাকলো চার ম্যাচে। অতীতের সেই সময়ে দলটা একইরকম বিবর্ণ থাকায় ছাঁটাই হয়েছিলেন কোচ আমানসিও ওরতেগা। বর্তমান কোচ লোপেতেগি মৌসুমের শুরুতে তেমন কিছু দেখছেন না। জয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘দেখুন গতিটা এই মুহূর্তে উল্টো দিকে। আমরা যেভাবে চেয়েছি, সেভাবে হয়নি। অবশ্যই আমরা হতাশ। আমরা জিততেই চাই। আমরা জানি কোচের জীবন কেমন, এমনকি রিয়ালে কেমন সেটাও।’
বার বার আক্রমণে গিয়েও লক্ষ্যভেদ করতে পারেনি রিয়াল। প্রথম ৯ মিনিটে লক্ষ্য বরাবর ৫টি শট নিয়েছিলো, তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে সেসব। এমন অবস্থায় কোচ হিসেবে নিজের দায়টা ভালো করেই জানা আছে তার, ‘কোচরা সব সময় দায়ী থাকে। ছেলেদের থেকে কাঠগড়ায় তারাই বেশি থাকে; এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে সবাইকে মাথায় রাখতে হবে আমরা এখনও অক্টোবরে আছি। ভালো খেলোয়াড়দের ফিরে পেতে আমাদের সময়টা হাতে আছে।’








