এশিয়া কাপে বাছাই পার হয়ে এবার খেলতে নেমেছিলো হংকং। সেই ক্রিকেট দলের তিন ক্রিকেটারের বিরুদ্ধে পাওয়া গেলো ম্যাচ গড়াপেটার অভিযোগ। পাকিস্তান বংশোদ্ভূত তিন ক্রিকেটার ইরফান আহমেদ, নাদিম আহমেদ ও হাসিব আমজাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি। তিন ক্রিকেটারকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অভিযুক্তদের মাঝে নাদিম খেলেছেন এবারের এশিয়া কাপে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সাম্প্রতিক নয়। তিন ক্রিকেটারের বিরুদ্ধে ২০১৫ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। সেখান থেকে বেশি ফিক্সিংয়ে জড়িত দুই ভাই নাদিম ও ইরফান। তারা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি বা তার বেশি ম্যাচে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন। ইরফানতো চট্টগ্রামে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ফিক্সিংয়ে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। ইরফানের বিরুদ্ধে ৯টি অপরাধের অভিযোগ আনা হয়েছে আর নাদিম ও আমজাদের বিরুদ্ধে আনা হয়েছে ৫ অভিযোগ।
২০১৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের যেসব ম্যাচ সন্দেহের আওতায় পড়েছে তার মাঝে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গ্রুপ ম্যাচ আর কানাডার বিরুদ্ধে গ্রুপ ম্যাচ রয়েছে হংকংয়ের। একটিতে হংকং স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৭ রানে জয় পায় আর কানাডাকে হারায় ৯ উইকেটে। তিনজনকেই এই দুই ম্যাচের জন্য অভিযুক্ত করা হয়েছে। সেখানে হাসিব ও ইরফানের বিরুদ্ধে ইচ্ছেকৃত বাজে খেলার অভিযোগ রয়েছে।
আইসিসি অবশ্য ইরফান ও নাদিমের বাড়তি ম্যাচগুলোর কথা জানায়নি। মানে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন কোন ম্যাচে তারা ফিক্সিংয়ে জড়িয়েছিলো তার হিসেব দেয়নি। এদের মাঝে ইরফান আগেই ফিক্সিংয়ের কারণে আড়াই বছরের জন্যে নিষেধাজ্ঞা পেয়েছিলেন।-ক্রিকইনফো।







