দুর্বল রক্ষণের মাশুল দিতে হলো স্কটল্যান্ডকে। প্রীতি ম্যাচে ইউরো জয়ী পর্তুগালের কাছে ৩-১ গোলে হেরেছে স্কটল্যান্ড।
প্রথমার্ধ ঢিমে তালে খেলেছে পর্তুগাল। তাই প্রথম গোলের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয়েছে ৪৩ মিনিট পর্যন্ত। দলকে প্রথম গোলটি এনে দেন এলদার কস্তা।
রোনালদোহীন পর্তুগালকে নিয়ে পরীক্ষা নিরীক্ষায় বেশ সফল কোচ সান্তোস। নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার ৩-২ গোলে জয়ের পর পরিবর্তন আনেন ১০টি। তাতেও বাধার মুখোমুখি হতে হয়নি পর্তুগিজদের। বরং দুরন্ত গতিতে ছুটে চলা অব্যাহত আছেই।
সেই পরিবর্তনে ১৮ মাস পর দলে স্থান হয়েছে ফরোয়ার্ড এদেরের। ২০১৬ ইউরোর পর থেকে গোল খরায় ছিলেন দীর্ঘদিন। সেই খরা কেটেছে স্কটিশদের বিপক্ষে। ৭৪ মিনিটে হেড করে ব্যবধান বাড়ান। ৮৪ মিনিটে ব্রুমার গোলে স্কোর লাইন হয় ৩-০।
পুরো অর্ধে খেই হারানো স্কটল্যান্ড শেষ মুহূর্তে সান্ত্বনার গোল পায় ইনজুরি সময়ে। ৯০+৩ মিনিটে সেই গোলটি করেন নেইস্মিথ।








