পেশাদার ফুটবলার হতে সব কিছুই করছিলেন উসাইন বোল্ট। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলতে ট্রায়াল দিয়েছিলেন। প্রীতি ম্যাচে শুরুর একাদশে অভিষেকেই করেছিলেন বাজিমাত। করেন জোড়া গোল। সেই বোল্টকেই চুক্তি সংক্রান্ত জটিলতায় রাখা সম্ভব হয়নি মেরিনার্সের।
আটবারের অলিম্পিক সোনা জয়ী বোল্ট মৌসুম শুরুর আগে দলের সঙ্গে ছিলেন আগস্টের পর থেকে। ট্রায়ালে সফলতার মুখ দেখায় তাকে রাখতে আগ্রহীও ছিলো ‘এ’ লিগের এই ক্লাব। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মেরিনার্সের আর্থিক সচ্ছলতা। সর্বকালের সেরা জ্যামাইকান এই স্প্রিন্টারকে রাখা বিলাসিতা হওয়ায় চুক্তি সম্পন্ন করতে প্রয়োজন পড়ে পৃষ্ঠপোষকের। চুক্তির সব কিছু হয়েও ছিলো। কিন্তু সেই চুক্তি সম্পাদনে পাওয়া যায়নি কোনও পৃষ্ঠপোষক বা তৃতীয় পক্ষ। দফায় দফায় মিটিং করেও কোনও চুক্তি করা যায়নি।
বোল্টকে রাখা সম্ভব না হলেও আট সপ্তাহের ট্রায়ালকে বোল্টের সফলতা হিসেবেই দেখছেন মেরিনার্সের মালিক মাইক চার্লসওর্থ, ‘দলের সঙ্গে সে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছিলো। ফুটবলার হিসেবে যথেষ্ট উন্নতিও করেছিলো।’ মেরিনার্সে ট্রায়াল দেওয়া বোল্টও ধন্যবাদ দিয়েছেন মেরিনার্সকে। শুক্রবার তিনি ক্লাবের সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি মেরিনার্সের মালিক, ম্যানেজমেন্ট, স্টাফ, প্লেয়ার ও ভক্তদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমাকে এখানে থাকার মতো পরিবেশ দিয়েছে।’-বিবিসি।








