ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছে জাতীয় ক্রিকেটারে সমৃদ্ধ বাংলাদেশের একটি দল। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে শুরুতে সরকারী আদেশের (জিও) অপেক্ষায় থাকলেও অবশেষে সবুজ সঙ্কেত পেয়েই বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কা ও পাকিস্তান এবারের আসরের যৌথ আয়োজক। পাকিস্তানে হবে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো। ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী আয়োজক পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। এ-গ্রুপের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। দলগুলো হলো- শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান ও ওমান।
শুরুতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিলো আরব আমিরাতে। কিন্তু পরিবর্তন আসায় তার যৌথ আয়োজক করা হয় পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। যৌথ আয়োজক পাকিস্তান হওয়ায় নিরাত্তার বিষয়টি সামনে ছিলো। কিন্তু আইসিসি ও এসিসি নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়ায় সেখানে খেলতে রাজি হয়েছে বাকি দলগুলো।
টুর্নামেন্টে খেলতে ১৫ সদস্যের দলে জায়গা পাওয়া আট ক্রিকেটারই জাতীয় দলের ক্রিকেটার। দলটির অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। ডেপুটি মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ দল: নুরুল হাসানা সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, তানভির ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, খালেদ আহমেদ ও মোহর শেখ।
বাংলাদেশের ম্যাচের সূচি
৬ ডিসেম্বর- বাংলাদেশ-আরব আমিরাত- করাচি
৭ ডিসেম্বর- বাংলাদেশ-হংকং- করাচি
৯ ডিসেম্বর- বাংলাদেশ-পাকিস্তান- করাচি








