ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়েছেন হোসে মরিনহো। বিপদের এই সময় তার পাশেই দাঁড়িয়েছেন দলটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। প্রতিকূল পরিস্থিতিতে তার সমব্যথী হয়েছেন সিটি কোচ।
পেপ গার্দিওলা সরাসরিই জানিয়েছেন, মরিনহোর পাশেই আছেন তিনি। এমন বোধের ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি তার পাশেই আছি। কোচ হিসেবে আমরা বড়ই নিঃসঙ্গ। ক্লাবগুলো আমাদের চুক্তি করে শুধু জেতার জন্য। আর যখন জিততে পারি না তখন ভালো করেই জানি কী হয়।’
অথচ একটা সময় তাদের মাঝে থাকতো ভীষণ প্রতিদ্বন্দ্বিতা। রিয়াল মাদ্রিদে মরিনহো ও বার্সেলোনায় গার্দিওলা যখন ছিলেন, তখন এমন প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ মেলার পর ইংলিশ লিগেও এমনটি ভাবা হচ্ছিলো। কিন্তু প্রিমিয়ার লিগে অবস্থা ছিলো তার উল্টো। দুজনেই সম্পর্ক বজায় রেখেছেন বন্ধসুলভ।
সেই বন্ধুত্বের খাতিরেই গার্দিওলার আশা দ্রুতই ফিরবেন মরিনহো, ‘আমি সব সময়ই কোচের অবস্থানে থেকে কথা বলি। এমন অবস্থায় কী হয় তা আমি অনুভব করতে পারি। তাই সব সময়ই তাদের পাশে। কারণ আমরা একাবোধ করি তখন। তবে তার অনেক অভিজ্ঞতা আছে। সে শীর্ষস্থানীয় একজন, খুব দ্রুতই সে ফিরে আসবে। এবং আমরা এক সঙ্গেই আবার খেলার মাঠে থাকবো।’








