চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর দ্বিতীয় লেগে প্যারিস সেন্ত জার্মেইকে তারা ৩-১ এ বিধ্বস্ত তো করেছেই। তার সঙ্গে অবিশ্বাস্য ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালেও। এমন জয়ের ঘটনার পর ছুরিকাঘাতের শিকার হয়েছেন ম্যানইউর এক ভক্ত!
শেষ ষোলোর দ্বিতীয় লেগটি ছিলো পিএসজির ঘরের মাঠে। আর সেই ম্যাচের পরই প্যারিসের একটি ট্যাক্সিতে এমন কাণ্ডটি করেছেন এর চালক। তিনি পিএসজি ভক্ত কিনা তা জানা যায়নি। তবে ম্যানইউ সেই ভক্ত ট্যাক্সিতে বন্ধু-বান্ধব নিয়ে উল্লাস করছিলেন বলেই তা সহ্য হয়নি সেই চালকের। তারপরে ঘটে এমন অঘটন।
হামলা গুরুতর হওয়ায় সার্জারি করাতে হয়েছে আহত ৪৪ বছর বয়সী সেই ম্যানইউ ভক্তকে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার বিস্তারিত উল্লেখ না করলেও তারা জানিয়েছে, ‘আমরা ফ্রেঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রেখে চলেছি। ৬ মার্চ ব্রিটিশ সেই নাগরিকের ওপর হামলার ঘটনায় সব রকম সহযোগিতার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।’
প্রথম লেগে ২-০ গোলে জিতে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়েছিলো পিএসজি। জয়ের প্রত্যাশায় মুখিয়ে ছিলো তারা। কারণ ঘরের মাঠে এভাবে হেরে পরের পর্বে যেতে হলে দ্বিতীয় লেগে ম্যানইউকে গড়তে হতো অসম্ভব কিছু। যা আগে কেউ করেনি। আর দ্বিতীয় লেগে সেই অসম্ভব ঘটনাটিই তারা ঘটিয়েছে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে।
দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকার পরেও পিএসজির মাঠে বেশি গোল থাকায় শেষ আটে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।








