জুভেন্টাসে চলে যাচ্ছেন পেপ গার্দিওলা। এমন গুজব ডালপালা মেলতে শুরু করার আগে তা উড়িয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ। জানালেন, এমন কোনও ইচ্ছা তার নেই। সিটিতেই থাকতে চান আরও লম্বা সময়।
এমন গুজব ছড়ানোর দায়টা ইতালির রেডিও সিআরসির। শুক্রবার তারা প্রচার করেছে গার্দিওলা জুভেন্টাসে যাওয়ার জন্যে ক্লাবটিকে মৌখিক সম্মতি দিয়েছেন। মাসিমিলিয়ানো অ্যালেগ্রির স্থলাভিষিক্ত হবেন তার বিদায়ের পর।
কিন্তু গার্দিওলা দৃঢ়ভাবে এমন সংবাদের বিরোধিতা করে বললেন, ‘আমি এখন বলবো সব কিছুতে সোশ্যাল মিডিয়া অনেক প্রভাব বিস্তার করে। কিন্তু আমি এর মানে খুঁজে পাই না। কেন মিডিয়া একটা বলবে বা টুইটার আরেকটা। কেন বড় পত্রিকা বলছে পেপ জুভেন্টাসে যাচ্ছে চার বছরের জন্য।’
ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-১ এ জয়ের পর তিনি এমন সংবাদে বেশ বিরক্তি প্রকাশ করেন, ‘জানি না লোকজন কেন এমনটা বলছে। দয়া করে আমাকে বা আমার এজেন্টকে কেউ ফোন করার চেষ্টা করবেন না। অথবা অ্যালেগ্রিকেও না। ওর জন্য খারাপই লাগছে।’
তিনি যে ম্যানসিটিতেই থাকছেন তা নিশ্চিত হওয়া যায় এ কথাতেই, ‘আমার আরও দুই বছর বাকি। আমি চলে যেতে চাই না। এটা কখনই সম্ভব নয় যদি না ওরা আমাকে ছাঁটাই করে।’








