আলাভেসকে ৪-০ গোলে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন দশ। ছন্দে ফিরে বার্সেলোনাকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে। জানালেন শিরোপার লড়াইয়ে ছেড়ে কথা বলবে না তার দল। লড়াই চালিয়ে যাবেন শেষ মুহূর্ত পর্যন্ত।
আলাভেসকে হারানোর পর প্রতিপক্ষ নিয়ে সিমিওনের মন্তব্য ছিলো এমন, ‘সবচেয়ে তৃপ্তিদায়ক বিষয়টা হচ্ছে প্রতিপক্ষ ভালোভাবেই বুঝতে পেরেছে তাদের কোথায় আঘাত করতে পারি।’
আলাভেসকে বড় ব্যবধানে হারানোর কৌশল কী ছিলো তা উল্লেখ করে তিনি জানালেন, ‘আমরা প্রতিপক্ষকে শক্ত জবাব দিতেই লক্ষ্য ঠিক করেছিলাম। দীর্ঘস্থায়ী কোনও পাস নয়, দ্রুত খেলতে চেয়েছি।’
শুধু বার্সাই নয়, এর সঙ্গে তারাও যে শিরোপার দাবি রাখে তা হুঁশিয়ার করে দিয়েছেন অ্যাতলেতিকো কোচ, ‘আমরা লা লিগায় কোনও কিছুই ছাড় দিতে রাজি নই। প্রতিযোগিতা আমাদের প্রকৃতিতে আছে, আর লা লিগায় শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করতে চাই।’








