ঢাকা রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল। শুক্রবার বিকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে গাজীপুর জেলা পুলিশ দলকে। বিজয়ী দলের সঞ্জীব জোড়া এবং চঞ্চল একটি গোল করেন।
ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকেই। নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল আক্রমণে ধার বাড়ায় দ্বিতীয়ার্ধের পর। তাতে ১০ মিনিটের মাথায় নারায়ণগঞ্জ দলের পক্ষে প্রথম গোলটি করেন চঞ্চল। ৬ মিনিট পর সঞ্জীব গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। শেষ হওয়ার ৬ মিনিট আগে জোড়া গোলের দেখা পান সঞ্জীব। নারায়ণগঞ্জ দলের সঞ্জীব ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
এই টুর্নামেন্ট অংশ নেয় ঢাকা রেঞ্জের মোট ১৪টি জেলা ফুটবল দল। গত ৭ এপ্রিল শুরু হয় এই টুর্নামেন্ট।
খেলা শেষে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআিইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম, গাজীপুরের পুলিশ সুপার সামসুন নাহার, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুণ অর রশিদ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী।








