আক্রমণের মূল অস্ত্রদের ছাড়াই আজ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামছে লিভারপুল। বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়। ম্যাচটি দেখাবে সনি টেন-২।
প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পর লিভারপুল শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে আক্রমণের দুই অস্ত্র মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনোর ইনজুরি। দুই তারকা না থাকায় ঘরের মাঠে অ্যানফিল্ডে আজ ‘নতুন নায়ক’ খুঁজতে হচ্ছে রেডদের।
এমন অবস্থায় বার্সার ৩-০ গোলের অগ্রগামিতা টপকে যাওয়ার চ্যালেঞ্জটা রূপ নিয়েছে অগ্নিপরীক্ষায়। লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনোল্ড এই চ্যালেঞ্জ উত্তরণের ক্ষণটাকে দেখছেন নতুন নায়কদের উত্থানের মোক্ষম সুযোগ হিসেবে, ‘অবশ্যই আমাদের মূল দুই স্কোরার নেই এখন। তাই এমন সুযোগটা কয়েকজনকে এগিয়ে আসার সুযোগ করে দিয়েছে। যারা নিজেদের নায়ক হিসেবে তুলে ধরতে পারে।’
অবশ্য ব্যবধানটাও কম নয় লিভারপুলের সামনে। এমন ব্যবধান টপকাতে খুব বেশি প্রয়োজন ছিলো সালাহ, ফিরমিনোদের। মূল ভরসারা না থাকায় এখন যারাই গোল করবে তাদের নামটা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। অ্যালেক্সান্ডার তেমন প্রেরণাই দিচ্ছেন দলকে, ‘এই অগ্রগামিতা টপকাতে পারলে যারাই স্কোর করবে তারা ইতিহাস হয়ে যাবে। আমি আশা করবো আজকের রাতটা তেমন বিশেষ রাত হিসেবেই ধরা দেবে।’
অপর দিকে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে মনে করেন আক্রমণই মূল অস্ত্র তার দলের সামনে। কারণ একটি অ্যাওয়ে গোলই সব কিছু শেষ করে দিতে পারে লিভারপুলের। সেক্ষেত্রে লিভারপুলের লাগবে ৫ গোল, ‘আমাদের যা করতে হবে তা হলো স্কোর করা।’








