প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব জয় দিয়ে শুরু করেছে ঢাকা আবাহনী। বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ২-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের হয়ে দুটি গোল করেছেন সানডে চিজোবা ও নাবীব নেওয়াজ জীবন।
প্রথম পর্বেও নোফেলের বিপক্ষেও জয় ছিলো আবাহনীর। সেবার জয়টা এসেছিলো ২-১ গোলের ব্যবধানে। ১৩ ম্যাচে মারিও লেমসের দল ১১তম জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুইয়ে। নোফেল সমান ম্যাচে আগের ৯ পয়েন্ট নিয়েই অবস্থান করছে।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে প্রথমার্ধেই দুটি গোল করে এগিয়ে যায় আবাহনী। ৫ মিনিটে ফ্রি-কিক থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে পা ছুঁয়ে লক্ষ্যভেদ করেন। ৩৬ মিনিটে ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা থ্রো-ইন থেকে হেড করে গোল করেন নাবীব নেওয়াজ জীবন। বিরতির পর আবাহনী গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি। অন্য দিকে নোফেলও পারেনি গোল শোধ দিতে।
দিনের অন্য ম্যাচে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফিরতি পর্বে চট্টগ্রাম আবাহনী ৪-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। এই জয়ে চট্টগ্রামের দলটির পয়েন্ট দাঁড়িয়েছে ১৩ ম্যাচে চার জয়ে-১৭। সমান ম্যাচে মুক্তিযোদ্ধা চতুর্থ হারে আগের ১৫ পয়েন্ট নিয়েই আছে।








