প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে দারুণ সূচনা করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। শুক্রবার রহমতগঞ্জকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। ১৩ ম্যাচে অষ্টম জয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইলো সাইফ। পঞ্চম হারে সমান ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ ১২।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুর ১৪ মিনিটেই দু’গোল করে ম্যাচের ফলাফলটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সাইফ স্পোর্টিং। ১২ মিনিটে ডিফেন্ডার ইয়াসিন আরফাতের কর্নারে কলম্বিয়ান ডিফেন্ডার দেইনার কর্দোবা হেড করে বল জড়িয়ে দেন রহমতগঞ্জের জালে। মিনিট দু’য়েক বাদে স্কোর ২-০ করে ফেলে সাইফ স্পোর্টিং। বক্সের বাইরে থেকে মিডফিল্ডার জামাল ভূঁইয়ার দূরপাল্লার শটে অগ্রগামিতা বাড়িয়ে নেয় তারা।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে গেলে বিরতির পর গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। অবশেষে ৫৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল তুলে নিতে পারে রহমতগঞ্জ।গাম্বিয়ার ল্যান্ডিং ডারবোর জোরালো শট মিডফিল্ডার এনামুল ইসলামের বুকে ছুঁয়ে অতিক্রম করে গোললাইন।
এরপর আরও দুটো গোলের সুযোগ পেয়েছিলো তারা। কিন্তু লক্ষ্য ভেদ হয়নি একটিতেও। ৬১ মিনিটে বক্সের প্রান্ত থেকে মিডফিল্ডার ফয়সাল আহমেদের শট ক্রস বারে লেগে ফিরে আসে। ৮৫ মিনিটেও একই পরিণতি। আবারও সেই ফয়সালের নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে গেলে আর গোলের দেখা পায়নি রহমতগঞ্জ। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে তারা।








