এজবাস্টন ইংল্যান্ডের দুর্গ হওয়ার পরেও তা ধসেছে ইংলিশদের ব্যাটিং ব্যর্থতায়। অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও দেখা মিললো স্বাগতিকদের নড়বড়ে ব্যাটিং। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেছে ২৫৮ রানে।
প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় দ্বিতীয় দিনটি অবশ্য পার হয়েছে নির্বিঘ্নে। মেঘলা আকাশ দেখে টস জিতে বল করাকে শ্রেয় মনে করেছেন অজি অধিনায়ক টিম পেইন। তাতে সফলও হয়েছে তারা। জেমস প্যাটিনসন চোটে থাকায় বদলি হিসেবে নেওয়া হয় জস হ্যাজলউডকে। সেই হ্যাজলউড ধস নামান ইংলিশদের টপ অর্ডারে।
ওপেনার রোরি বার্নসের ৫৩ রান ছাড়া জেসন রয় ও অধিনায়ক জো রুট ফিরে গেছেন শূন্য ও ১৪ রানে। ৩০ রান করা জো ডেনলিকেও বিদায় দিয়ে তাদের বিপদ বাড়িয়ে দেন তিনি। বার্নস কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও তা ভেঙে দেন প্যাট কামিন্স। এরপর নড়বড়ে ব্যাটিংটা প্রকট হয়ে ধরা দেয় আরও। স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৩৮ রান। ইংল্যান্ড বড় লজ্জা থেকে বাঁচে লেজের দিকে জনি বেয়ারস্টো ও ক্রিস ওকসের লড়াকু এক জুটিতে। ৭২ রানের সেই জুটিই ইংল্যান্ডকে পার করায় ২০০ রান। ওকসকে ৩২ রানে ফিরিয়েছেন কামিন্স। তবে লেজের দিকে ছোট ছোট জুটি গড়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করার দিকে ছুটতে থাকেন বেয়ারস্টো। অভিষেক হওয়া আর্চার বিদায় নেওয়ার আগে করেন ১২ রান। সঙ্গীরা ব্যর্থ হলে শেষ উইকেটে ৫২ রানে বিদায় নেন বেয়ারস্টো। তাকে ফেরান লায়ন। বেয়ারস্টোর বিদায়ে ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় ২৫৮ রানে।
অজিদের হয়ে সমান তিনটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
অস্ট্রেলিয়া জবাব দিতে গিয়ে দিনের শেষ ভাগে হারিয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। তাকে বোল্ড করেছেন স্টুয়ার্ট ব্রড। দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। ক্রিজে আছেন ক্যামেরন ব্যানক্রফট (৫) ও উসমান খাজা (১৮)।








