ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে আরও কাছে পৌঁছেছে স্পেন। বাছাইয়ের ‘এফ’ গ্রুপের খেলায় তারা ফারো আইল্যান্ডসকে হারিয়েছে ৪-০ গোলে।
বাছাইয়ে শুরু থেকে দারুণ ছন্দে আছে স্পেন। ৬ ম্যাচের সবগুলো জিতে তারা রয়েছে টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের চেয়ে তাদের ব্যবধানও অনেক-৭।
ম্যাচে জোড়া গোল করেছেন রদ্রিগো ও আলকাসের। ১৩ মিনিটে ও ৫০ মিনিটে শুরুর দুই গোল করেন রদ্রিগো, শেষ দিকে ৮৯ ও ইনজুরিতে সময়ে বাকি গোলটি করেন আলকাসের।
স্পেনের মতো চূড়ান্ত পর্বের আরও কাছে ইতালিও। বাছাইয়ের ‘জে’ গ্রুপে ফিনল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে আজ্জুরিরা। প্রথমার্ধের খেলাটি শেষ হয়েছিল গোলশূন্য হয়ে।
তারপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ইমোবিলের গোলে অগ্রগামিতা পায় ইতালি। ফিনল্যান্ড পেনাল্টি থেকে ৭২ মিনিটে সমতা ফিরিয়েছিল ম্যাচে। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে জর্জিনিয়ো জয়সূচক গোলটি করলে শেষ হাসি হাসে ইতালি। এই মুহূর্তে শেষ চার ম্যাচ থেকে আর মাত্র ৪ পয়েন্ট পেলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে তাদের।








