বিশ্বকাপ প্রস্তুতি জয় দিয়েই শেষ করলো আর্জেন্টিনা। শনিবার রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দলের তুরুপের তাস লিওনেল মেসির নৈপুণ্যে২-০ গোলে বুয়েনস আইরেসে স্লোভেনিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। দলের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল করে জয় নিশ্চিত করেন মেসি। অপর গোলটি করেন রিকি আলভারেস।
স্লোভেনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শুরু থেকে ছিলেন না আর্জেন্টিনার আক্রমণভাগের তারকা মেসি, অ্যাগুয়েরো, ডি মারিয়া ও হিগুয়েইন। খেলা শুরুর ১২ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে এগিয়ে দেয় আলভারেসের গোল।
মেসি, আ্যাগুয়েরো ও ডি মারিয়া ম্যাচের ৫৭ মিনিটে মাঠে নামেন। ডি মারিয়ার ক্রস থেকে অ্যাগুয়োরোর হেডে ডি বক্সের ভেতর বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন ৪ বারের ব্যালন ডি ওর জয়ী মেসি। এরপর গোল করার অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।
প্রথম প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবোগোকে।
অপেক্ষাকৃত সহজ গ্রুপ হিসেবে পরিচিত 'এফ' গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে নাইজেরিয়া, ইরান ও বসনিয়া। ১৫ জুন আসল লড়াই শুরু করতে মাঠে নামবে দু'বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।








