ফুটবল উন্মাদনা কোথায় নেই! কোনও এক অজপাড়াগাঁয়ের গলির মোড়ের চায়ের দোকান থেকে সোজা উঠে গেছে মহাশূন্যে! ৩৭০ কিলোমিটার উঁচুতে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেও চলছে ফুটবল নিয়ে হই হই কাণ্ড! মহাশূন্যে ভাসতে ভাসতেই বলে কিক মারছেন নভোচারীরা। কেমন ছিল সেই খেলা? ছবিতে দেখা গেল বলের মতো তিন নভোচারী-কাম-খেলোয়াড়ও ভাসছেন সমানতালে। মাধ্যাকর্ষণের বালাই নেই, তাই বলও গড়াচ্ছে না। ভেসে চলেছে স্যাটেলাইটের মতো। আর ওজনহীনতার কারণে মর্ত্যের তারকা খেলোয়াড়দের মতোই উল্টেপাল্টে কিক মারতে একটুও বেগ পেতে হয়নি বিজ্ঞানীদের। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আছেন দুই মার্কিন নভোচারী রিড ওয়াইজম্যান ও এক জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার গাস্ট। জুনের ২৬ তারিখ খেলা হবে যুক্তরাষ্ট্র-জার্মানির। আর তাই মহাশূন্যেও বাকযুদ্ধে মেতে উঠতে দেখা যাবে নভোচারীদের।








