দিন যত যাচ্ছে প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা নিয়ে সংশয় বাড়ছে পর্তুগাল শিবিরে। অাগের চোটই এখনও পুরোপুরি সারেনি সিঅার সেভেনের। তার মধ্যে আবার প্রস্তুতি ম্যাচ খেলায় রোনালদোর চোট বেড়েছে বলে আশঙ্কা করছেন সবাই। কারণ শুক্রবারও বল পায়ে অনুশীলন না করেই মাঠ ছেড়েছেন এই তারকা। অবশ্য হাঁটুতে চোট থাকায় বিশ্বকাপের শুরুতে রোনালদোকে পুরোপুরি ফিট পাওয়া যাবে কিনা এমন সংশয় অাগেই ছিল পর্তুগিজ শিবিরে। এমনকি চোটের জন্য খেলেননি প্রথম প্রস্তুতি ম্যাচেও। যদিও পরে নিজেকে ফিট ঘোষণা করে দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে নামেন তিনি। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনের দিন দুপুরেই আবার কপালে ভাঁজ পড়ে পর্তুগিজ কোচ পাওলো বেন্টোর। এদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুশীলনে আসেন রোনালদো। শুধুমাত্র দলের সঙ্গে হাল্কা ফিজিক্যাল ট্রেনিং, স্ট্রেচিং করে মাত্র পনেরো মিনিটেই মাঠ ছাড়েন সিআর সেভেন। এ সময় তার বাম পায়ে হাঁটুতে বাঁধা মোটা ব্যান্ডেজও চোখ এড়ায়নি কারো। অবশ্য এ নিয়ে এখন পর্যন্ত গোপনীয়তা বজায় রেখেছে পর্তুগিজ শিবির। অাগামী ১৬ জুন শক্তিশালী জার্মানির বিপক্ষে প্রথম মাঠে নামবে পর্তুগাল। তাই এখন দেখার বিষয় এই অসুস্থ রোনালদোকে নিয়ে কোচ পাওলো বেন্টো কি সিদ্ধান্ত নেন।








