বিশ্বকাপের 'বি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হচ্ছে স্পেন ও চিলি। হল্যান্ডের কাছে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে হলে চিলির বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প নেই স্পেনের। বর্তমান বিশ্বকাপ জয়ী স্পেনের বিশাল পরাজয় শুধু স্পেনবাসীকে নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমী দর্শকদেরও হতবাক করেছে। প্রশ্ন উঠেছে, টিকি-টাকা ফুটবল অধ্যায়ের কী সমাপ্তি ঘটতে যাচ্ছে ? জাভি, ইনিয়েস্তা, জাভি অ্যালোনসো, ক্যাসিয়াস, রামোস, পিকে, ডেভিড সিলভাদেরকে নিয়ে গড়া দেলবস্কের স্পেন আজ সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাবে চিলিকে পরাজিত করে বিশ্বকপে টিকে থাকতে। তারা তাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে শৈল্পিক ফুটবল প্রদর্শন করে আবারও ফিরে আসবে সেই প্রত্যাশাই অপেক্ষার প্রহর গুণছে স্পেন সমর্থকরা। অপরদিকে চিলি অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে শক্তিমত্ত্বার পরিচয় দিয়েছে। আজকের ম্যাচে জয়লাভ করলে শতভাগ নিশ্চিত হবে দ্বিতীয় পর্ব। তবে ড্র করতে পারলেও তাদের সম্ভাবনাই বেশি থাকবে স্পেনকে টপকে দ্বিতীয় পর্বে যাওয়ার। কোচ সামপাওলি এই বিষয়টিকে মাথায় রেখেই তার পরিকল্পনার ছক কষবেন। ক্লদিও ব্রাভো, সানচেজ, ভার্গাস, ভিদাল, ডিয়াজরা তার পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারবে কিনা তা দেখা যাবে স্পেন-চিলির গুরুত্বপূর্ণ ম্যাচে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায়। অপরদিকে গত ম্যাচে স্পেনকে ৫-১ গোলে হারিয়েছে টোটাল ফুটবলের হল্যান্ড। তাই টোটাল ফুটবলের ধারকরা আজ অবশ্যই চাইবে অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে। সেই সঙ্গে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করতে চাইবে তারা। তাই ফন পার্সি, রোবেন, স্নাইডারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়াটা অস্ট্রেলিয়ার পক্ষে কঠিনই হবে বলে মনে হচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।








