বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ অাশরাফুলকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার বিপিএল ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার তদন্তে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। চাইলে অাগামী ২১ দিনের মধ্যে শাস্তিপ্রাপ্তরা ট্রাইব্যুনালের এই অাদেশের বিরুদ্ধে অাপিল করতে পারবেন।
অাশরাফুল ছাড়াও এই মামলায় চারটি অভিযোগে বিপিএল-এর ক্লাব ঢাকা গ্লাডিয়েটরর্সের মালিক শিহাব চৌধুরীকে ১০ বছর নিষিদ্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। চাঞ্চল্যকর এই মামলায় বিদেশিদের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেটার লকুয়ারাজ্জিকে সব ধরনের ক্রিকেট থেকে ১৮ মাস এবং সাবেক কিউই ক্রিকেটার লু ভিনসেন্টকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
এর আগে গত ৮ জুন স্পট ফিক্সিংয়ের রায় ঘোষণা করা হয়। ওই দিন বিকেল ৪টায় রায়ের কপি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, এর অাগে এই মামলার ঘোষিত রায়ে নির্দোষ প্রমাণিত হন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, স্পিনার মোশারফ হোসেন রুবেল ও পেসার মাহবুবুল অালম। এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী এবং ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হন।








