স্পেন, ইংল্যান্ডের পর এবার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো আরেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ‘ডি’গ্রুপের ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে ওঠে গেলো সুয়ারেজের দল উরুগুয়ে। মঙ্গলবার দাস দুনাস স্টেডিয়ামে ভিন্ন খেলা উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল প্রানদেল্লির শিষ্যরা। কিন্তু একের পর এক হলুদ আর লাল কার্ডে উত্তেজনা ছেয়ে যায় ম্যাচটিতে। যেখানে ইতালি ও উরুগুয়ের ভাগ্যে জোটে দুটি করে হলুদ কার্ড। আর ৫৯ মিনিটে একটি মাত্র লাল কার্ডটি দেখে ইতালি। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইতালির মিডফিল্ডার ক্লদিও মারচিসিও। ম্যাচে শুধু ড্র করতে পারলেই পরের পর্ব যেতে পারতো আজ্জুরিরা। কিন্তু ইতালি ভক্তদের সেই স্বপ্নে একাই জল ঢেলে দেন ডিয়েগো গডিন। ৮১ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন উরুগুয়ের এই ডিফেন্ডার। এ ম্যাচ দিয়েই দীর্ঘ দিন পর আবারও বিতর্কে জড়িয়েছেন উরুগুয়াইন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শেষ দিকে ইতালি ডিফেন্ডার চিয়েলিনির কাঁধে কামড় দিয়ে ম্যাচে উত্তাপ ছড়ান তিনি। কিন্তু সৌভাগ্য ক্রমে এ কাণ্ডের জন্য আপাতত কোনও সাজা পেতে হয়নি লিভারপুল স্ট্রাইকারকে। অপরদিকে ম্যাচে নিষ্প্রভ ছিলেন ইতালি স্ট্রাইকার মারিও বালোতেল্লি। গোলের দেখা পেলেও ২২ মিনিটে হলুদ কার্ডের দেখা পেয়েছেন তিনি। পরে ৪৬ মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ সিজারে প্রানদেল্লি। উল্লেখ্য, ২০১০ সালেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল চারবারের চ্যাম্পিয়ন ইতালি।








