চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে দলগুলোর ভাগ্য কোন দিকে যাচ্ছে তা হয়তো কিছুটা পরিষ্কার হয়ে যাবে আজ। কারণ বার্সেলোনাসহ এই গ্রুপের সবাই উদ্বোধনী ম্যাচ শুরু করেছে পয়েন্ট ভাগাভাগি করে। বুধবার দিবাগত রাত ১টায় বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ইন্টার মিলানের। ম্যাচটি দেখাবে সনি টেন-২
মৌসুমের শুরুতে নিজেদের ছায়া হয়ে থাকা বার্সা ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে আতিথ্য দিচ্ছে জয়ের আত্মবিশ্বাস নিয়ে। গেতাফেকে হারিয়ে মৌসুমের প্রথম অ্যাওয়ে জয় পেয়েছে কাতালানরা। যদিও তাদের জন্য দুশ্চিন্তার বিষয়টি হলো ইনজুরির কারণে লাইন আপে আসছে অনেক পরিবর্তন। আবার ইন্টার মিলান সিরি আ’তে শুরুর ৬ ম্যাচ জিতে আছে দুরন্ত ফর্মে। লিগে তারা গোল হজম করেছে মাত্র তিনটি। তাই মৌসুমে বাজে শুরু করা বার্সার জন্য অপেক্ষা করছে পরীক্ষা। অপর দিকে বার্সার রক্ষণে হুমকি হয়ে দাঁড়াতে পারেন অ্যালেক্সিস সানচেস ও লতারো মার্তিনেসরা। ইন্টারের মিডফিল্ডও দারুণ শক্তিশালী।
মৌসুমে দারুণ ফর্মে থাকা বার্সার ভালো কিছু করার সুযোগ থাকবে যদি মেসি ও উসমান দেম্বেলে কিছুক্ষণের জন্য হলেও মাঠে নামেন। চোট সারিয়ে দুজনে মেডিক্যালি ফিট হলেও তাদের নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাচ্ছে না বার্সা। তাই দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের জন্য মাঠে নামলে পরিস্থিতির পরিবর্তন হয়তো আসতে পারে, নাহলে ইন্টারকে পেছনে ফেলা মুশকিল হয়ে দাঁড়াতে পারে।
অপরদিকে মেসিকে পুরোপুরি না পাওয়ায় দায়িত্ব বাড়ছে আন্তেয়ান গ্রিয়েজমানের ওপর। যিনি এখনও লড়াই করছেন ভিন্ন পজিশনে মানিয়ে নিতে, ‘এটা একটু ভিন্নই বলা চলে। ভিন্ন ধারার ফুটবল, ভিন্ন পজিশন। আমি জানতাম পরিস্থিতিতে খাপ খাওয়াতে কঠিন হবে।’
একই রাতে গ্রুপ ই-তে ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নাপোলির কাছে ২-০ গোলে হেরে গিয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে রেড বুল সলসবুর্গের। যারা প্রথম ম্যাচে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে গেঙ্ককে। তার ওপর ২৫ বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলতে আসায় ম্যাচটির ওপর আলাদা নজর থাকবে ফুটবল ভক্তদের। দিবাগত রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি টেন-১।
একই রাতে আরও মুখোমুখি হবে লিল-চেলসি, ভ্যালেন্সিয়া-আয়াক্স, গেঙ্ক-নাপোলি ও স্লাভিয়া প্রাগ-বরুসিয়া ডর্টমুন্ড।








