বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারতের বিপক্ষে খেলার আগে ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচে জিতেছে লাল-সবুজরা। বৃহস্পতিবার শেষ ম্যাচে জিতেছে ২-০ গোলে। আর এই গোল প্রাপ্তিকেই ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে খুশি।
অবশ্য ম্যাচটায় ফরোয়ার্ডদের কেউ গোলের দেখা পাননি। নাবীব নেওয়াজ জীবন-বিপলুরা সুযোগ পেয়েও বঞ্চিত হয়েছেন। তবে জেমি ডে ক্লিনশিট রাখতে পেরে খুশি, ‘কে গোল দিলো সেটা আমার কাছে বিষয় না। আমার দল গোল পেয়েছে। ম্যাচ জিতেছে। ক্লিনশিট রেখে মাঠ ছেড়েছে। এটাই আমার কাছে বড় বিষয়।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে আশানুরূপ ভালো খেলতে পারেনি বাংলাদেশ। শুরুতে ভুটান বল পজেশনে বেশ এগিয়ে থেকে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। তবে গোলের দেখা পায়নি। উল্টো সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেছে বাংলাদেশ। জেমি ডে অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন, ‘প্রথমার্ধে হয়তো ছেলেরা আরও ভালো খেলতে পারতো। ক্লান্তির কারণে হয়তো হয়নি। সুযোগ পেয়েছিল, কিন্তু মাত্র একটি গোল হয়েছে।তবে দ্বিতীয়ার্ধে দল ভালো খেলেছে, আমি দলের পারফরম্যান্সে খুশি। যা আমাদের বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারত ম্যাচে কাজে লাগবে।’
এই ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান। দীর্ঘদিন পর জাতীয় দলে গোল পেয়ে উচ্ছ্বসিত তিনি, ‘অনেক দিন পর গোল পেয়েছি। দল আমার গোলে জিতেছে। এতেই আমি খুশি। মাঝে ইনজুরির কারণে ভালো খেলতে পারিনি। এবার নিজেকে নতুন রুপে ফিরে পেয়ে ভালো লাগছে। এই ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতেও ধরে রাখতে হবে।’
বিশ্বকাপে বাছাই পর্বের ‘ই’ গ্রুপে বাংলাদেশ দলের গ্রুপ সঙ্গী ভারত, ওমান, আফগানিস্তান এবং বিশ্বকাপের স্বাগতিক কাতার। ইতোমধ্যে আফগানদের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। পরের ম্যাচে ১০ অক্টোবর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ, ১৫ অক্টোবর খেলবে ভারতের বিপক্ষে।








