ব্যাক টু ব্যাক হারের পর জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা ২-১ গোলে হারিয়েছে চেলসিকে।
আগের ৭ ম্যাচে জয়ের পর হোঁচট খেলো ব্লুরা। তবে ২১ মিনিটে চেলসিকে এগিয়ে নিয়েছিলেন এনগলো কঁতে। অগ্রগামিতার এই ধারা তারা ধরে রাখতে পারেনি। ২৯ মিনিটে ডি ব্রুইনের গোলে সমতা ফেরায় সিটি। প্রধমার্ধের ৩৭ মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের জয় সুনিশ্চিত করেন মাহরেজ।
প্রথমার্ধে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল দুই দল। সের্হিয়ো আগুয়েরো শট নিয়েছিলেন, কিন্তু তা গিয়ে লেগেছে বারে। দ্বিতীয়ার্ধে অবশ্য ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে আগুয়েরোকে। তার বদলে আসেন জেসুস।
দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলের দেখা পেয়ে গিয়েছিল সিটি। স্টারলিং গোল করলেও তা পরে বাদ হয়ে গেছে অফসাইডের কারণে।
এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে সিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে চেলসি।








