সিরি আ’ কি ইতালিয়ান সুপার কাপ। দুই প্রতিযোগিতায় লাৎসিওর কাছে জুভেন্টাসের ভাগ্য বদলায়নি একবারও। দুই সপ্তাহের ব্যবধানে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে আবারও হারিয়ে দিয়েছে লাৎসিও। তুরিনের ক্লাবটিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ ঘরে তুলেছে তারা।
৭ ডিসেম্বর সিরি আ’তে এই লাৎসিওর কল্যাণেই কোচ হিসেবে প্রথম হারের তিক্ত স্বাদ নিয়েছিলেন মাউরিসিও সারি। সুপার কাপেও দেখলেন হার, তাও একই ব্যবধানে!
ইতালিয়ান সুপার কাপের সফলতম দলটি ১৬ মিনিটে হজম করে প্রথম গোল। লুইস আলবের্তোর গোলে অগ্রগামিতা পায় লাৎসিও। ৪৫ মিনিটে পাউলো দিবালা জুভেন্টাসকে সমতায় ফেরালেও কাজের কাজ কিছু হয়নি।
অবশ্য এই গোলে মূল শটটা নিয়েছিলেন রোনালদো। তার বামপ্রান্ত থেকে নেওয়া শট গোলকিপার ফিরিয়ে দিলে সেখান থেকে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তারও আগে হেড থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ যুবরাজ। কিন্তু মাথায় লাগাতে পারেননি বল।
তাদের হতাশা আরও বাড়ে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করলে। ৭৩ মিনিটে লুলিচ ও যোগ করা সময়ে কাতালদির গোলে স্কোর ৩-১ হয় লাৎসিওর। তার আগে জুভেন্টাস পরিণত হয় ১০ জনের দলে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাস মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুর।








